বিশেষ সতর্কীকরণ


পড়তে ভালো লাগবে না , পড়তে গিয়ে ভাবতে বসলে তো গেলো গঙ্গা স্নানেও পাপ শুদ্ধি হবে না । তাই বিশেষ সতর্কীকরণ "পড়তে নেই, নইলে ভালো থাকতে নেই"

Sunday, April 6, 2014

------------ দ্রব্যগুন ------------


খ্যাপার খুলি
------------
যাত্রাপথে অনেক কিছুই উড়বে, পুড়বে
ঘুরে মরবে অনেক চাদর, দ্রব্যগুনে 
অনেক মাথার, অল্পকিছুর কামাই হবে
বাদ বাকি সব, বাদবাকি সব, গল্প শুনে।

কিছু তরল, কঠিন গুলে, নরম মনে
ডাকের আশায়, বাঁধবে বাসা, গরম রোদে
উড়ন্ত সব ফড়িং ধরে, বাঁধবে সুতো
শুনবে, বুঝবে ? দুঃখ নাকি, ফালতু ক্রোধের।

জুড়িয়ে যাবে ঠান্ডা চায়ে, চিনির প্রলেপ
এক মুঠোতে আটকে যাওয়া, দু-চার আঙ্গুল
পুড়িয়ে দিও, চাদর, ফড়িং, ফোকাস রোদে
ঠিক-এর জলে চামচে নেড়ো সমস্ত ভুল।

Tuesday, April 16, 2013

ভাবনায় ইতি

ভাবনা এক বড় দুর্লভ এবং দুর্বল বস্তু । ভাবনা যেমন কারুরু জয়ের পথের টয় হতে পারে তেমনি দুর্বল ভাবনায় ফুটবল হওয়ার বিপদও সমানে সমানে । তাই ইচ্ছে হল এই ভাবানাকে একটু হাইপ দেওয়া যাক । সব কিছুর শুরুই একটা না একটা ভাবনা । আর এই ভাবনার সমারোহে সামিল হয়ে আমার ভাবনায় ভাবনার কিছু কাব্যিক ম্যাসাকার ।


আমি জানি আমি পারব, এই ভেবে কত গর্ব
এই ভেবে আমি হাঁটি রোজ, এই ভেবে যাই শুতে
আয়নায় দেখি এই ভেবে মুখ, ভাবনার বীজ পুতে

ভাবনার বীজ পোতা থাকে শুধু, জল পানি তাতে ভাবনাই
যদিও জানি এমন করলে, ভাবনাতে কিছু লাভ নাই
ভাবছি তবুও নিজের মত, ভাবনার জলে ডুব দিই
সময় পেলেই ভাবতে বসি, ভাবনাতে ডুবে কব্জি

ভাবতে ভাবতে পরে থাকে শুধু, ভাবনার কিছু তলানি
অনেক ঘুটে পুড়ল শুধু, শেষ হয়ে গেল জ্বালানি
গর্ব এবার খর্ব কিছুটা, হাঁটা, শোয়া সবই বদনাম
ভাবনার সুতো গুটিয়ে ভাবি, আমি জানি আমি পারতাম ।


Friday, April 5, 2013

আরও একবার

 অনেকদিন পর লিখছি । অনেকদিন টা ঠিক কতদিনে হয় ঠিক জানা নেই । তবে আগে যেমন ঘনঘন বেশ লুস মোশনে লিখতাম, তেমন নয় । তবে তাতে গাঢ়ত্ব কত বেড়েছে বলতে পারবো না । একটু অন্য ছন্দ, একটু অন্য রিদিমে লেখা । আগে এমনটা লিখিনি । বিষয়টাও কতকটা একঘেয়ে লাগতে পারে । তবে লাগুক । তবে এখনও লিখতে পারছি এতে বেশ আশ্বস্ত । একটা ঘাম দিয়ে জ্বর ছাড়ার মত । ঘাম টা মাথা থেকে পা-য়ে পড়ার আগেই অবশ্য শুকিয়ে গেছে । আর কিছুটা সময় ছড়িয়ে গেছে ফাঁকা উঠোনে । কুড়িয়ে নিও যে যার মত সময় পেলে ।

ভাবিস না তুই আলোর চেয়ে জোরে ছুটবো আমি
ফেরার চেষ্টায় অবাধ জলে আবছা সামিল
তোর প্রায় ফুরোনো সময়টাকে বাধবো বলে
আর কিছু টা চাইছি সময় রাত পোহালে
আমি তোর ঠিকানায়, তোর সীমানায়
দূরবীনে চোখ আস্ত কানা
আলপিনে ফুল
আর কিছুটা চাইছি সময়
আর কিছু ভুল

ভাবিস না তুই ডুব দেবো না ভরলে কানায়
ফিরছি ভিজে ফিরছি তোর ওই ভুল ঠিকানায়
তোর চাঁদের বাড়ি, চরকা কাটা বুড়ির সুতো
ফেরার বিকেল, ওড়ায় ধূলো তোর এক মুঠো
তোকে সাহস দেখাই, বাঁচবো একাই
শক্ত মনে
তবুও কিছু চাইছি সময়
মন্দ বলে ।